রংপুর (গংগাচড়া) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তির পর সরেজমিনে তদন্ত করেছেন নির্বাচন কর্মকর্তারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান। এসময় তাঁরা সংশ্লিষ্ট দুই পক্ষের বক্তব্য শোনেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ৩০ বছরের বেশি সময় ধরে সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়ে আসছে। কেন্দ্রটি চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হলে ভোটারদের ভোগান্তি বাড়বে। বিশেষ করে নারী, বয়স্ক ও অসুস্থ ভোটারদের যাতায়াতে সমস্যা হবে। কেন্দ্র পরিবর্তনের আগে স্থানীয় ভোটারদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। এ ব্যাপারে এলাকার সচেতন মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।