রংপুরে ভুমিসেবা মেলা উদ্যাপনের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎএই প্রতিপাদ্যে ভূমিসেবা মেলা, ২০২৬ উদ্‌যাপনের  লক্ষ্যে রংপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মে সকালে রংপুর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। 

কনফারেন্সে বিভাগীয় কমিশনার সাংবাদিকগণের প্রশ্নের জবাবে বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা প্রশমিত করার জন্য সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করছে। ভূমিসেবা ডিজিটালাইজড হলে জনগণের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। ভূমি অফিসের দূর্নীতি নিরসন প্রসঙ্গে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনতে ভূমিসেবা ডিজিটাইজেশনের কার্যক্রমকে মনিটরিং এর আওতায় আনা হয়েছে।

অনলাইন ভূমিসেবা প্রসঙ্গে তিনি আরো বলেন, নাগরিকগণ খুব সহজেই অনলাইনে ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ফি পরিশোধের পাশাপাশি মালিকানাধীন জমির খতিয়ান, দাগ এবং ম্যাপ সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে পাচ্ছেন। এছাড়াও ভূমিসেবায় সময় সাশ্রয়ে প্রতিটি উপজেলায় পাঁচ তলা বিশিষ্ট ভূমি অফিস নির্মাণ করা হবে, যেখানে ভূমি অফিস এবং সেটেলমেন্ট অফিস সমন্বিতভাবে একই যায়গা থেকে ভূমিসেবা দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে লিখিত প্রেস রিলিজ পাঠ করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম। এসময় তিনি ভূমিসেবা সহজিকরণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে—মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ, আগামী দিনের ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন, স্মার্ট ভূমি নকশা (ডিজিটাল মৌজা ম্যাপের মোবাইল অ্যাপ এবং ওয়েব ভার্সন) তৈরি, ডিজিটাইজড ভূমি রেকর্ড (দ্বিতীয় প্রজন্মের খতিয়ানের ধারাবাহিক চেইন/ট্রি সিস্টেম) চালুকরণ, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন, হটলাইন নম্বরে সেবা চালুকরণ ও আইনের সংস্কার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ নাজমুল হুদা, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *