বাকৃবি প্রতিনিধি:
একাডেমিক ফলাফলে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত মেধাবৃত্তি লাভ করেছেন। বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ভেটেরিনারি অনুষদের বায়েজিদ আলম, কৃষি অনুষদের খালিদ হাসান, পশুপালন অনুষদের মো. জামিল হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যুথি দত্ত, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মো. শাদমান জামান রুহিত এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের মো. গোলাম সাকলায়েন আনাস।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তোমাদের সকলের এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।
উল্লেখ্য, ইউজিসি কর্তৃক বিভিন্ন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এই মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ১ বছরের বৃত্তি বাবদ ২৪ হাজার টাকা এবং বই পুস্তক ক্রয় বাবদ ২ হাজার টাকা শিক্ষার্থীদের প্রদান করা হয়।