হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ড. কুদরতে খুদা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রকৌশল শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ২০২৫ সালের ২৭ আগস্ট ঢাকার শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলায় আহতদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা প্রকৌশল খাতে বিদ্যমান ডিপ্লোমা কোটা বাতিল এবং চাকরির ক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান। তারা বলেন, প্রকৌশল পেশায় নিয়োগ ও সুযোগের ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা “ইঞ্জিনিয়ারিংয়ে চাই মেধার জয়, বৈষম্যের হবে পরাজয়”সহ বিভিন্ন স্লোগান দেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী সোহাগ বলেন, “ডিপ্লোমা কোটার অবসান না হলে এ দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথে প্রধান কাঁটা সরানো সম্ভব হবে না। সরকারকে দ্রুত এ সিদ্ধান্ত নিতে হবে। এর মাধ্যমে জাতিকে কোটার কলঙ্ক থেকে মুক্ত করা সম্ভব হবে।”
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী ঐহিক বলেন, “২০২৪ সালে রক্ত দিয়ে যে কোটার বিরুদ্ধে এ দেশের মানুষ রায় দিয়েছিল, ডিপ্লোমা কোটা বহাল রাখার মাধ্যমে জাতিকে অপমান করা হয়েছে।”
শিক্ষার্থীরা প্রকৌশল খাতে বৈষম্য দূর করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।