পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির এক শিক্ষার্থীর মোবাইল ফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ম্যানেজিং কমিটি| সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর একাডেমির শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়|
খোঁজ নিয়ে জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়| ওই অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায়| তবে কথোপকথনের সময় ওই শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান|
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা| পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন|
ভুক্তভোগী ছাত্রী বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়| তিনি শিক্ষকতার নৈতিক যোগ্যতা হারিয়েছেন| আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই|’
এ ঘটনার পর গত বৃহস্পতিবার একাডেমির ম্যানেজিং কমিটির সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নীতিমালা অনুযায়ী আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়|
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি|
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘নৈতিক স্খলনজনিত অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে| পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|