গাইবান্ধা প্রতিনিধি :
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ৫৫তম এই মাহেন্দ্রক্ষণে বীর শহীদদের স্মরণ করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ লাইনস মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ এলাকা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে এসকেএস ফাউন্ডেশন-এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল: পৌর পার্কে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
পুরো অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। দিবসটি ঘিরে সাধারণ মানুষের মাঝে দেশপ্রেমের এক অন্যরকম উদ্দীপনা লক্ষ্য করা গেছে।