গাইবান্ধায় ‘বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:

আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) ২০২৬, গাইবান্ধার এসকেএস ইন-এ ‘বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি’ প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘বিসিসি (বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন) ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল’।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ আয়োজনে সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির শাখা ব্যবস্থাপক ও এরিয়া ব্যবস্থাপকসহ মোট ৯২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আবদুল মতীন। এসকেএস ফাউন্ডেশনের অর্থ পরিচালক খোকন কুমার কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান কবির, পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচি), এসকেএস ফাউন্ডেশন এবং মোঃ আসাদুর রহমান, প্রোগ্রাম সাপোর্ট কনসালটেন্ট, পিকেএসএফ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল মতীন বলেন, “সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও নিরাপদ প্রবাহমান পানির নিশ্চয়তা প্রদান করা পিকেএসএফ-এর অন্যতম অগ্রাধিকার।” তিনি আরও জানান, বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর অর্থায়নে প্রকল্পটি বর্তমানে পরিচালিত হলেও ভবিষ্যতে এটি নিজস্ব তহবিল থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা উল্লেখ করেন, মানুষের দৃষ্টিভঙ্গি ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনে বিসিসি কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে তৃণমূল পর্যায়ে চাহিদা সৃষ্টি হলেই প্রকল্পের প্রকৃত সাফল্য নিশ্চিত হবে।

কর্মশালায় বিসিসি কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিরাপদ পানি ও স্যানিটেশন সংযোগ সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জন শাখা ব্যবস্থাপককে বিশেষ সম্মাননা সূচক ব্যাজ প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *