গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রাণবন্ত ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠিত

এস. কে. মামুন, জেলা প্রতিনিধি
গাইবান্ধা:

“ঈদের আনন্দ ভাগাভাগি করলেই পূর্ণতা পায়- এই চিরচেনা অনুভূতিকে ধারণ করে গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের প্রাণবন্ত এক ‘ঈদ আড্ডা’। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত এই মিলনমেলায় সহকর্মীদের হাসি, গল্প আর স্মৃতিচারণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে ঈদের তাৎপর্য ও সাংবাদিকদের পেশাগত জীবনের ব্যস্ততা তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। সভাপতি অমিতাভ দাশ হিমুন বলেন “পেশাগত শত ব্যস্ততার মাঝেও এ ধরনের মিলনমেলা সহকর্মীদের মধ্যকার পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে।” সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা বলেন “সাংবাদিকদের প্রতিদিনের নিরন্তর দৌড়ঝাঁপের কারণে একে অপরের সঙ্গে নির্ভার সময় কাটানোর সুযোগ খুব কমই আসে। এই ঈদ আড্ডাই আমাদের সেই কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করে দিয়েছে।”

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংবাদকর্মীদের প্রাণখোলা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নবীন ও প্রবীণ সাংবাদিকদের মেলবন্ধনে সেখানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আড্ডায় সাংবাদিকরা একে একে শৈশবের ঈদের স্মৃতি এবং মাঠপর্যায়ে কাজ করার নানা মজার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেন। সেই সঙ্গে গান, কবিতা আবৃত্তি, হাসি-ঠাট্টা আর চায়ের কাপে জমে ওঠা আড্ডা পুরো পরিবেশকে আনন্দঘন করে তোলে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন শুধু আনন্দ বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত সহমর্মিতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম।

সবশেষে, আগামী দিনগুলোতেও এ ধরনের হৃদ্যতাপূর্ণ মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। ঈদের এই অনাড়ম্বর কিন্তু আন্তরিক আয়োজন উপস্থিত সকল সাংবাদিকদের মনে একরাশ উজ্জ্বল ও তৃৃপ্তিদায়ক স্মৃতি রেখে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *