রংপুর প্রতিনিধি :
রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান বলেছেন, জেলায় পাটের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, নদী, নালা ও খাল-বিলে সময়মতো পানি না থাকায় পাটচাষিরা নানা সমস্যায় পড়ছেন। ফলে দিন দিন পাটচাষের পরিমাণ কমে যাচ্ছে।
তিনি আরও বলেন, নদী-নালা ও খাল-বিলে কীভাবে পানি সংরক্ষণ করে রাখা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কারণ পাটচাষ অনেকটাই পানির ওপর নির্ভরশীল। সময়মতো খাল-বিলে পানি ধরে রাখা গেলে পাটের ভালো ফলন এবং উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।
গতকাল শুক্রবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং পাট অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার রায় এবং রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক তারানা আফরোজ সজনী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।