এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, প্রধানমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই ২০২৬:

দেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, নতুন অর্থবছরের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে আগামী এক বছরে সারা দেশের ৪১ লাখ পরিবার এই সুবিধা পাবে, যা উপজেলা পর্যায়ে গড়ে প্রায় ৭ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে এবং শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে বিভিন্ন সহায়ক কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *