আইডিয়া কম্পিটিশন-২০২৬: দ্বিতীয় স্থান অর্জন বাকৃবির

বাকৃবি প্রতিনিধি:

‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ’ কর্তৃক আয়োজিত আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান, মো. বাশিরুল ইসলাম ও মো. সাবিদুর রহমান সেজান। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তারা ৭০০ মার্কিন ডলার প্রাইজমানিসহ সনদপত্র লাভ করেন।

২২ জুলাই শুরু হওয়া দুই দিনব্যাপী এ আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ক্যারাস) বিল্ডিংয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারে (আইসিই) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এবং কেপিসি কনসোর্টিয়াম।

আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৫৭৭ টি আবেদনের মধ্যে ৪৯২ টি দলকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরবর্তীতে ৫০ টি দল চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয় এবং এসব দলের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, প্রথমবার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের এতজন বিচারকের সামনে কথা বলার অভিজ্ঞতা হলো। এটিকে আমি অর্জন বলতে চাই না, এটি কেবল একটি ধাপ এগিয়ে যাওয়া। এর পেছনে আমার দলের প্রতিটি সদস্যের অনেক পরিশ্রম আছে। আমরা এই পরিকল্পনাকে বাস্তবিক এবং প্রায়োগিক করে তুলতে চাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *