রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগ দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে বলে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানিয়েছেন।
নিহতরা হলেন- কচুয়া সরদারপাড়া এলাকার রেজাউল ইসলাম (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদেকুল ইসলাম (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুর ছবুর বলেন, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত রিকশা চুরি হয়। চোরেরা রিকশাটি নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান সোহেল।
এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীসহ স্থানীয়রা রিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুই ব্যক্তি রিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন।
স্থানীয়রা তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করে। পরে সেখানে মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি বলেন, খবর পেয়ে গঙ্গাচড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।পরে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আর বলেন, আপাতত জানা গেছে চোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।