বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ একাধিক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট এবং গবেষণা ও মান নিশ্চয়তা সংশ্লিষ্ট কয়েকটি পদে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত পৃথক আদেশনামায় এসব দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়।
আদেশনামা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।
এদিকে নতুন সহকারী প্রক্টর হিসেবে কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা এবং পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমানকে প্রক্টরিয়াল বডিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যথাক্রমে অধ্যাপক ড. মাজবুবুল প্রতীক সিদ্দিক ও অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ চার সহকারী প্রক্টরকে পূর্বের দায়িত্বে বহাল রাখা হয়েছে।
গবেষণা ও মান নিশ্চয়তা সংশ্লিষ্ট পদেও পরিবর্তন আনা হয়েছে। বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। এছাড়া প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ১০টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রদের শহীদ শামসুল হক হলে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ জামাল হোসেন হলে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানীকে প্রভোস্ট করা হয়েছে।
ছাত্রীদের সুলতানা রাজিয়া হলে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ২১ আগস্ট থেকে এসব দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের প্রভোস্টরা ছয় মাসের জন্য এবং বাকি আট হলের প্রভোস্টরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি হলে পূর্বের প্রভোস্টদের নিজ নিজ দায়িত্বে বহাল রাখা হয়েছে।
আদেশনামা অনুযায়ী, ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাউরেস, আইকিউএসি ও কেন্দ্রীয় গবেষণাগারের নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।