বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ষাকে বিদায় জানাতে ‘মেঘ বলছে যাব যাব’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে টিম উৎসব। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বাংলার সংস্কৃতি, বর্ষার সৌন্দর্য, লোকঐতিহ্য ও তারুণ্যের সৃজনশীলতাকে একসূত্রে ধারণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনকে ঘিরে টিএসসি প্রাঙ্গণে বসে ১২টি স্টল। এসব স্টলে বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি ও কসমেটিকসসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানজুড়ে ছিল নাচ, গান ও নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন ঘিরে বিকেল থেকেই টিএসসি মুক্তমঞ্চ ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে বায়োজিন কসমেসিউটিক্যালস। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে এনআরবিসি ব্যাংক ও পারফিউম প্যারাডাইস। গিফট পার্টনার হিসেবে রয়েছে রেট্রো সিন্ডিকেট ও সরাইখানা সেরাভিক্সসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠান দেখতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘টিম উৎসবের আগের আয়োজনগুলোও আমি দেখেছি এবং সেগুলো বেশ ভালো লেগেছিল। তাদের আয়োজনে একটি সুন্দর পরিকল্পনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সেই ভালো লাগা থেকেই আজকের আয়োজনটি দেখতে এসেছি। ক্যাম্পাসে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
আয়োজনের নামকরণ প্রসঙ্গে টিম উৎসবের সাধারণ সম্পাদক যাহ্’রা তাসনীম আদিবা বলেন, ‘প্রথম শুনলে মনে হতে পারে, রবীন্দ্রনাথের কোনো বিখ্যাত গানের লাইন লিখতে গিয়ে আমরা হয়তো ভুল করেছি। আসলে বিষয়টি এমন নয়। আজ বাংলা ২৬ শে শ্রাবণ। শ্রাবণও প্রায় শেষের দিকে। সেই ভাবনা থেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত লাইনটিকে একটু পরিমার্জন করে আমাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজন কিছুটা কমে এসেছে। তাই আমরা চেষ্টা করছি একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে। আমরা আশাবাদী, এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে আবারও একটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে।’