বিশেষ প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল–বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে বলেও তিনি জানান।
তিনি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল ভোগ করবে।
তারেক রহমান বলেন, “দেশ সবার, তাই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। আসুন, আমরা যেখানে–সেখানে আবর্জনা না ফেলি।”
বরিশাল সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বরিশাল সফর।