রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে মাঠ পরিদর্শন 

 নিজস্ব প্রতিবেদক:

১১ জুলাই চার দফা দাবিতে ঘোষিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেছেন জোটের নেতারা। সমাবেশের মঞ্চ স্থাপনের স্থান নির্ধারণ, মাঠের সার্বিক অবস্থা এবং প্রস্তুতির বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তারা।

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় রংপুর নগরীর জিলা স্কুল মাঠ পরিদর্শনে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, আল আমিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং জোটের অন্যতম শরিক দল  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতারা মঞ্চ স্থাপনের সম্ভাব্য স্থান, মাঠের অবকাঠামোগত অবস্থা, জনসমাগমের ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। পরে তারা সমাবেশ সফল করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় উপস্থিত জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও সরকার এখন পর্যন্ত সেই গণরায় বাস্তবায়ন করেনি। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা এবং জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উত্তরাঞ্চলের জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সরকারের প্রতি জনঅসন্তোষের বার্তা তুলে ধরা হবে। একই সঙ্গে সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *