পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. শাহিন মিয়া ওরফে মতিন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল উপজেলার পরান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ফিরোজ, এসআই রফিকুল, এসআই শাহ আলম, এসআই শামীম, এএসআই রেজাউল, এএসআই সেলিমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় রুহুল আমিনের বসতবাড়ির সামনে থেকে শাহিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহিন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি জিআর মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পীরগাছা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজন চিহ্নিত মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পরে গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।