বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার, ১৯ জুন ২০২৬ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, প্রাণিসম্পদ ও মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতীকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম এবং কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ ইসলাম।
বক্তারা বলেন, একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে কেরানীগঞ্জ, ঢাকার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুস সাত্তার বেগ আহ্বায়ক হিসেবে মনোনীত হন। যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান কেমিন ইন্ডাস্ট্রিজের এ.জি.এম ডা. মো. গোলাম মোর্শেদ এবং Biochem-এর বাংলাদেশ ও শ্রীলঙ্কা অঞ্চলের কান্ট্রি ম্যানেজার ডা. মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। সদস্য সচিব নির্বাচিত হন ভ্যানকাটেশ্বরা হ্যাচারিজ প্রা. লি., বাংলাদেশ অপারেশনের টেকনিক্যাল ম্যানেজার ডা. এ টি এম ফয়েজ খান রাকিব।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রেমিডিস এন্ড কেয়ার এগ্রো, নরসিংদীর সি.ই.ও ডা. অলক সরকার; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শ্রীনগর, মুন্সিগঞ্জের ডা. মোঃ কামরুল হাসান সৈকত; ইউনাইটেড সফটওয়্যার সল্যুশনস, ঢাকার ফাউন্ডার ও সিইও (অপারেশনস) ডা. মোঃ তাজাম্মুল হক; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া সদরের ডা. মোঃ মোস্তাফিজুর রহমান; স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, গাজীপুরের এগ্রোভেট ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ (ভেটেরিনারি সার্ভিসেস) ডা. মোঃ মাহবুবুর রহমান; স্যানজাইম বায়োলজিক্স প্রাইভেট লিমিটেডের বিজনেস অ্যাডভাইজর ডা. মোঃ রাকিবুর রহমান রনি; আকিজ ডেইরি লিমিটেডের চিলিং সেন্টার ম্যানেজার ডা. মোঃ রবিউল ইসলাম; আকিজ এগ্রো ফিড লিমিটেড, ঢাকার এ.জি.এম-টেকনিক্যাল সার্ভিস ডা. মোঃ সাকিব রেজওয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভারের ট্রান্সবাউন্ডারি এনিমেল ডিজিজ রিসার্চ সেন্টারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমডি) ড. মো. হুমায়ুন কবির।
নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, গবেষণা ও কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত পবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি, নবীন গ্র্যাজুয়েটদের পেশাগত সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।
সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।