হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ মবিনুল ইসলামের ওপর কতিপয় বিপথগামী শিক্ষার্থী কর্তৃক সংঘটিত বর্বরোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত এ মৌন মিছিলে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রফেসর ড. মো.হাসানুজ্জামান বলেন,“হাবিপ্রবি ২০০২ সালে প্রতিষ্ঠার পর নানা ঘটনা ঘটেছে। কিছু ঘটনার বিচার হয়েছে, কিছু ঘটনার হয়নি। আজকের এই মৌন মিছিলের মূল উদ্দেশ্য আমার সহকর্মী মো. মবিনুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। বিচার না হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। আমরা আশা করি প্রশাসন দ্রুত এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবে।”
কৃষি অনুষদের অধ্যাপক ড. সাইফুল হুদা বলেন, “অতীতেও শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং তখনও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে থেকেও যদি আমরা ন্যায়বিচার না পাই, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীর হামলায় আহত হন মো. মবিনুল ইসলাম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।