বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’-এর শুভ উদ্বোধন।


প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চিরসবুজ ক্যাম্পাসে নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত “ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ মে (সোমবার) দুপুর ১২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনির স্মৃতিবিজড়িত মনোরম পরিবেশে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স হলটির উদ্বোধন করেন।
​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূইঁয়ার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ) মো: হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়ন কাজে পূবালী ব্যাংকের সংশ্লিষ্টতা উল্লেখ করে ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এমন প্রতিশ্রুতি প্রদান করেন। এসময়ে তিনি কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চি স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলর এর নিকট হস্তান্তর করেন। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. মো: রুহুল আমীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সোনালি দলের সভাপতি এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: আলী রেজা ফারুক প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া আন্তরিকভাবে ধন্যবাদ জানান পূবালী ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে, যারা বাকৃবির এই কার্যক্রমের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি একই সাথে বাউরেসের পরিচালক ও তার টিমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট-হাউজের কনফারেন্স হলকে কেন্দ্র করে আরো কিছু প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন এবং তা আন্তর্জাতিক মানে তৈরীর ইচ্ছাও প্রকাশ করেন। ভবিষ্যতে এই কনফারেন্স হলের বহুবিধ প্রয়োজনীয় ব্যবহারের আশাবাদ ব্যক্ত করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউট/বিভাগ/শাখার পরিচালক ও প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *