পর্দা নামলো বাকৃবির শাহজালাল হলের  তিনদিন ব্যাপী শাহী ফিস্ট ‘জাশন-ই জালালি’র 

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

আনন্দ, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলের তিন দিনব্যাপী ‘জাশন-ই জালালি শাহি ফিস্ট ৭.০’। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজনের সূচনা করেন হলটির ৬৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মে) বিকেলে কালার ফেস্টের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার হল প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বের করা হয় ঐতিহ্যবাহী ‘শাহী র‍্যালি’। র‍্যালিটি শাহজালাল হল থেকে শুরু হয়ে জব্বারের মোড়, কেআর মার্কেট ও শেষ মোড় প্রদক্ষিণ করে পুনরায় হলে এসে শেষ হয়। ঘোড়ার গাড়ি ও রাজকীয় প্রতীক ব্যবহারে র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সন্ধ্যায় হলের সিনিয়র শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে ফিস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নাচ, গান, কৌতুক ও বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। সাজিদের গান, নেপালি শিক্ষার্থীদের পরিবেশনা এবং রাতুল ও শৌভিকের নৃত্য পরিবেশনা শিক্ষার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে।

শুক্রবার সকালে ৬৪তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। একই দিন হেলিপ্যাড ও কেআর মার্কেটে বিভিন্ন গানের তালে ফ্ল্যাশ মব পরিবেশন করেন শিক্ষার্থীরা।

রাতে হল প্রভোস্ট ড. মোঃ বদিউজ্জামান খানের উপস্থিতিতে ৬৩ ও ৬৪তম ব্যাচের শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং হলের কর্মচারীদের নিয়ে আয়োজন করা হয় গ্র্যান্ড ডিনারের। আয়োজকেরা জানান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন।

শনিবার সকালে হল গেট থেকে শুরু হয়ে জব্বার মোড়, ডেইরি ফার্ম ও এগ্রোনমি ফিল্ড প্রদক্ষিণ করে ম্যারাথনের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন হলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কালার ফিস্ট’। এতে ট্রাকে করে বিভিন্ন স্থানে ঘুরে রং খেলায় অংশ নেন শিক্ষার্থীরা। পাশাপাশি লটারির মাধ্যমে আইফোনের প্রতীকী পুরস্কারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এ আয়োজন।

আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘জাশন-ই জালালি শাহি ফিস্ট ৭.০’ শুধু একটি উৎসব নয়, বরং শাহজালাল হলের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, ঐতিহ্য ও ভালোবাসার প্রতিফলন। ব্যস্ত শিক্ষাজীবনের মাঝেও এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ও স্মৃতির নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত বলেন, “হল ফিস্টের উদ্বোধনে আমরা বৃক্ষরোপণ করেছি, যা বাকৃবির অন্যান্য হলে সাধারণত দেখা যায় না। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি, আমরা এই হলের ভূষণ। ভবিষ্যতেও হলের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।”

আরেক শিক্ষার্থী মোহাম্মদ লাবিব শাহরিয়ার বলেন, “গত সাত বছর ধরে আয়োজিত হচ্ছে এই শাহী ফিস্ট। এটি সপ্তম বছর। আশা করি আমাদের জুনিয়ররাও এর ঐতিহ্য বজায় রাখবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *