বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১০ মে) হলের শহীদ শিবলী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে শহীদ শামসুল হক হল ছাত্রদল।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগগুলোর আদলে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
আয়োজক আরও বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য হলের বিভিন্ন বর্ষের প্রায় ১৪০ জন শিক্ষার্থী খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নিলামের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী মোট ৮টি দল তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়ায়।
অংশগ্রহণকারী দলগুলো হলো ভয়েস অফ জিয়া একাদশ, জিয়া লেজেন্ডস, আপোষহীন ওয়ারিয়র্স, ধানের শীষ থান্ডার্স, গণতন্ত্র ব্লাস্টার্স, তারেকিয়ান ফাইটার্স, টাইগার অফ ন্যাশনালিজম এবং ব্যালট বক্স স্ট্রাইকার্স।