টেবিল টেনিস ফাইনালে ঢাবির জয়, রানারআপ বাকৃবি

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’-এর টেবিল টেনিস ইভেন্টের ছাত্রী বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ হয়েছে। শনিবার (৯ মে) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৩০৭ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ছাত্রীদের টেবিল টেনিসে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়।

গত বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর শুক্রবার (৮ মে) দ্বিতীয় দিনের খেলাগুলো সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার খেলাগুলো গ্রুপ পর্ব থেকে শুরু হয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্বের মাধ্যমে সম্পন্ন হয়। ধারাবাহিক এই প্রতিযোগিতামূলক পর্বগুলো শেষে ছাত্রী বিভাগের টেবিল টেনিস ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শিরোপা নিশ্চিত করে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রানারআপ হয়।

পুরো আসরজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং একই সঙ্গে ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিটি ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *