রংপুর প্রতিনিধি:
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
স্থানীয় সরকার বিভাগ শনিবার (১৪ মার্চ) দুপুরে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুরের পাশাপাশি আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।
অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন আগে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। রংপুর এবার সেই তালিকায় সামিল হলো।