সনদ পেল বাকৃবির ১৯৭ জন ভেটেরিনারি ইন্টার্নশিপ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ‘২২তম ইন্টার্নশিপ সনদ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৯৭ জন শিক্ষার্থী সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। এর মধ্যে ৫০ জন বিদেশে এবং বাকিরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ শেষ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ড. মনোরঞ্জন ধর।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির। এ সময় আরও বক্তব্য দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ এবং আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ইন্টার্নশিপ সম্পন্নকারী নবীন প্রাণিচিকিৎসকদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দক্ষ ও নৈতিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ইন্টার্নশিপে পাওয়া ব্যবহারিক অভিজ্ঞতা পেশাগত জীবনে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রাণিচিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিকতা, পেশাগত সততা ও দায়িত্ববোধের সমন্বয় প্রয়োজন। নতুন প্রজন্মের ভেটেরিনারিয়ানদের সেই মানসিকতা নিয়েই এগিয়ে আসতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *