ফুলছড়িতে জুয়ার আসরে পুলিশের ওপর হামলা, মব সৃষ্টি—গ্রেপ্তার ৭

এস. কে. মামুন
জেলা প্রতিনিধি, গাইবান্ধা:

ফুলছড়ি উপজেলা এলাকায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সময় পুলিশের কাজে বাধা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন এর চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে উপস্থিত কিছু ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এতে ঘটনাস্থলে উত্তেজনা দেখা দেয় এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জুয়া পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা সমাজের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *