বাকৃবি সংবাদদাতা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৯ মার্চ) শাহজালাল হলের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদেশি এবং বিভিন্ন বর্ষের প্রায় শখানেক শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের উন্নয়ন কামনা করা হয়। আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।
চতুর্থ বর্ষের নেপালি শিক্ষার্থী সমযোগ সত্য বলেন, “এই ইফতার আমাদের জন্য অন্তত উষ্ণ একটি আয়োজন। এখানে সহপাঠীরা অনেক বন্ধুসুলভ। আমি মইন ভাই এবং বেল্লাল সহ সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। ”
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আল মঈন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা আমাদের ভাইবোন। তাদের সাথে একসাথে হলে থাকা, ক্লাস করা, খেলাধুলা আমাদের মাঝে যে বন্ধন তৈরি করেছে তা অটুট।”
তিনি আরও বলেন,”রমজান মাস আল্লাহর তাকওয়া অর্জনের জন্য মুমিনদের উপর ফরজ করা হয়েছে। জান্নাতে রোজাদারের জন্য থাকবে বিশেষ এক দরজা। রমজান এতোই ফযীলতপূর্ণ একটি মাস এবং এই রোজা শুধু আল্লাহর জন্য এবং আল্লাহ তায়ালা ই এর প্রতিদান দিবেন।”
উক্ত হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ বেল্লাল বলেন,”রমজান মাসে আমাদের যে সম্প্রীতির সংস্কৃতি আছে তা আমাদের বিদেশি বন্ধুদের মাঝে একটু প্রসারিত করতেই আজকের এই আয়োজন। আশা করি তারা আমাদের মাঝে তাদের পরিবারকে খুঁজে পাবেন।”