গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি তছনছ: অন্ধকারে ৯ ইউনিয়ন

এস. কে. মামুন // জেলা প্রতিনিধি
গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ৫ শতাধিক ঘরবাড়ি। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ ধেয়ে আসা তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় উপজেলার পশ্চিমাঞ্চলের ৯টি ইউনিয়ন বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ের কবলে পড়ে উপজেলার সাপমারা ও দরবস্ত ইউনিয়নসহ বেশ কিছু এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর এবং দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, রামনাথপুর ও দুর্গাপুর গ্রামে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ধসে পড়েছে। ঝোড়ো হাওয়ায় অনেক ঘরের টিনের চালা উড়ে গেছে। ঝড়ে অন্তত ৯টি বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ায় উপজেলার পশ্চিমাঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিলাবৃষ্টি ও বাতাসে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবমতে, প্রায় ৩৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (১৫ মার্চ) রাতেও এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পর পর দুই দফা ঝড়ের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *